পুলিশের বিশেষায়িত ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, শক্তি প্রয়োগ করলে পুলিশের ওপর জনগণের আস্থা নষ্ট হয়। তাই শক্তি প্রয়োগ না করে পুলিশের ওপর জনগণের আস্থা ফেরাতে হবে। দেশে ভীতিমুক্ত পুলিশ ব্যবস্থা সৃষ্টি করতে হবে। এটি পুলিশেরই দায়িত্ব।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৭’ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরএমপির কমিশনার মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েনউদ্দিন, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, সমাজসেবী শাহীন আক্তার রেণী, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাবেশে বক্তব্য রাখেন।
র্যাব মহাপরিচালক বলেন, রাষ্ট্রের সঙ্গে সাধারণ মানুষের মেলবন্ধন করছে কমিউনিটি পুলিশিং। তাই এ কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে মোট চারবার জঙ্গিদের উত্থান হয়েছে।
এর আগে সকাল ১০টায় নগরীর কাজিহাটাস্থ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার প্রধান গেটের কাছে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক। পরে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এলাকা থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যাবের মহাপরিচালক ও অন্যান্য অতিথিবৃন্দের নেতৃত্বে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরএমপির পুলিশ লাইনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
ইত্তেফাক/নূহু
