অসহনীয় যানজটে অতিষ্ঠ কপিলমুনির জনজীবন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ০০:৪৯

পাইকগাছা উপজেলার বাণিজ্যিক নগরী কপিলমুনি বাজারের সবখানেই লেগে আছে জটলার স্তূপ। যাত্রীবাহী বাসগুলো এবং ব্যটারিচালিত ভ্যান মাহেন্দ্র, ইজিবাইক তাদের ইচ্ছেমতো রাস্তার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকে। যে যার মতো চলছে আর ভোগান্তি জনসাধারণের।

পাইকগাছা থেকে খুলনা যাতায়াতের একমাত্র রাস্তায় সর্ববৃহত্ মোকাম কপিলমুনিতে যানজটের এ দৃশ্য চোখে পড়ে প্রতিনিয়ত।

সেই সঙ্গে এ বাজারের ফুটপাত দখল করে রেখেছে টং দোকান মালিক ও হকাররা। এক কথায় নিয়ম-কানুন ছাড়াই যে যার মতো দখল করে রেখেছে সকল রাস্তার ফুটপাত। এ ছাড়াও বাজারের মাঝপথে ট্রাক লোড-আনলোড করে ভোগান্তি বাড়িয়ে দেয়। তাছাড়া কপিলমুনি বাজারের মেইন রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে।

কপিলমুনি বাজারের উন্নয়ন ও যানজটের বিষয় কপিলমুনি হাট বাজার কমিটির সভাপতি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি-ঘোড়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সম্মিলিতভাবে এটা সমাধান করা হবে।

কপিলমুনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা বলেন, সকল ব্যবসায়ী ও সামাজিক সংগঠন নিয়ে আমরা বসব এর নিরসনের লক্ষ্যে খুব তাড়াতাড়ি।

ইত্তেফাক/নূহু