সংস্কার না করায় গৌরনদী পৌর সদরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে। ওইসব সড়কের পিচ খোয়া উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালক ও যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌর সদরের প্রধান সড়ক গৌরনদী বাসস্ট্যান্ড-বন্দর সড়কটির বেহাল অবস্থা। পৌর সদরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ হওয়া সত্যেও সড়কটির প্রায় এক কি.মি অংশের বিভিন্ন স্থানের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খাদের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ওই খাদে পানি জমে সমস্যা আরো বাড়ে। একই অবস্থা গৌরনদী বন্দর মাছ বাজার থেকে গৌরনদী সরকারি মত্স্য খামার পর্যন্ত নির্মিত গোলাম মালেক মৃধা সড়কেরও। এছাড়া টরকি বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় থেকে আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল পর্যন্ত নির্মিত সড়কটির অবস্থাও নাজুক। একইভাবে গেরাকুল এলাকার ছবিখাঁর জাঙ্গাল সড়ক, পৌরসভার দক্ষিণের শেষ প্রান্তের বেজহার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। গৌরনদী উপজেলা গেট খেকে আশোকাঠি হাসপাতাল পর্যন্ত নির্মিত সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক হলেও সমস্যার অন্ত নেই। উপজেলার দক্ষিণ গেট থেকে ব্যবসায়ী ভোলা সাহার বাড়ি পর্যন্ত ইট বিছানো হলেও সড়কের বাকি অংশ এখনও কাঁচা। এছাড়া জমিদার মোহন সাহার বাড়ির সামনে এ সড়কের কিছু অংশ ভাঙন কবলিত হয়ে খালের গর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু দীর্ঘদিনেও মেরামতের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গৌরনদী পৌরসভার বর্তমান মেয়র মো. হারিছুর রহমান জানান, গৌরনদী পৌরসভার জরাজীর্ণ সড়কগুলো জরুরিভিত্তিতে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুকনা মৌসুম শুরু হলে ওইসব জরাজীর্ণ সড়কগুলো দ্রুত মেরামত করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/নূহু
