দিনাজপুরের বিরলে মাদক সেবীর হামলায় পুলিশের এক পরিদর্শকসহ তিন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে উপজেলার ধামইড় ইউনিয়নের নেহাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান, এ.এস.আই তুলশী রায় ও কনস্টেবল আলতাফুর রহমান।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামইড় ইউনিয়নের নেহালগ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীরা পালিয়ে যায়। পরে সেখানে থাকা একটি ভ্যান পুলিশ নিয়ে আসার চেষ্টা করলে মাদক সেবীরা চোর বলে চিৎকার করে। স্থানীয় লোকেরা তাদের চিৎকারে ছুটে আসলে চোর বলে পুলিশের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘনায় রাতেই দিনাজপুর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনা স্থলে যান এবং আহতদের খোঁজ খবর নেন।
ইত্তেফাক/এমআর
