ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে যশোর শহর থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ সেখানকার কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক। গত ১৪ অক্টোবর রাতে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরদিন সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ উক্ত এজাহারটি পুলিশ হেড কোয়াটারে পাঠান। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ পাওয়ার পর পরই মামলাটি রেকর্ড করেন ওসি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হুদা প্রধানমন্ত্রী সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করেছেন নিজের ফেসবুক আইডি থেকে। শুধু প্রধানমন্ত্রী নন তার ফেসবুক আইডিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েও গালিগালাজের অভিযোগের কথা মামলা সূত্রে জানা গেছে। বিএনপি অনলাইন উইং, বিএনপি সমর্থকগোষ্ঠী, ইরা চৌধুরী আইডি থেকে সরকার বিরোধী ও দেশ বিরোধী আপলোড করা ছবিসহ বিভিন্ন পোস্ট শেয়ার করেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সাতক্ষীরার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ বিএনপি নেতা হুদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এখন যশোর শহর থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে।
ইত্তেফাক/জামান
