শার্শায় পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় শার্শা থানায় দুটি মামলা হয়েছে।
শনিবার রাতে শার্শা থানার এসআই বক্তিয়ার রহমান বাদী হয়ে ২৩ জনকে আসামি করে একটি ও মাদক আইনে একজনকে আসামি করে অপর একটি মামলা করেন।এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার মুল নায়ক দুখু মিয়া এখনো পলাতক রয়েছে। এদিকে আহত তিন পুলিশ সদস্যের মধ্যে এএসআই আলা উদ্দীন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান জানান, টেংরা গ্রামে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শার্শা উপজেলার টেংরা গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় আটককৃত আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর মাদক ব্যবসায়ীরা হামলা করে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
ইত্তেফাক/ইউবি
