‘প্রতি ১০ মিনিটে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:০২
‘দেশে নারীদের মধ্যে ক্যান্সার রোগে সবচেয়ে বেশি মারা যায় স্তন ক্যান্সারে এবং প্রতি দশ মিনিটে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন।’ আজ রবিবার রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) প্রাঙ্গণে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এএমসিজিএইচ এ আলোচনা সভার আয়োজন করে।
 
এএমসিজিএইচ-এর মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে দেশের মোট জনসংখ্যার ১ লাখ ৪০ হাজার নতুন ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার মধ্যে ৪১ হাজার নারী ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন। স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেক মারা যান। এ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে, দেশের স্তন ক্যান্সারের হার দিন দিন বেড়ে চলেছে।
 
এএমসিজিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ ফজলে রহিমের সভাপতিত্বে সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, এএমসিজিএইচ-এর সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. আহসান শামীম ও অধ্যাপক ডা. এএমএম শরিফুল আলম, কনসালটেন্ট ডা. রওশন আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বাসস। 
 
ইত্তেফাক/এমআই