রংপুর ডিবি পুলিশের বিরুদ্ধে কাউনিয়ার হলদীবাড়ি এলাকার রাসেল নামের দুই সন্তানের এক জনককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ডিবি পুলিশের দাবি হেরোইনের পয়জনে তার মৃত্যু হয়েছে।
নিহত রাসেলের বোন সোহানা বেগম জানান, শনিবার রাত ১০টার দিকে হলদীবাড়ি এলাকা থেকে তার ভাই রাসেলকে আটক করে ডিবি পুলিশের এসআই শফির নেতৃত্বে একদল ডিবি পুলিশ। রাত ১টার দিকে ০১৫৩৬১৯৩৩০৯ নম্বর থেকে কল করে শফি নামের একজন নিজেকে ডিবি পুলিশ বলে দাবি করে। তারপর আমাদের কাছে এক লাখ টাকা দাবি করে। আমরা তাদের দাবিকৃত টাকা দিতে না পারায় রাসেলের ওপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে রাসেল অসুস্থ হয়ে পড়লে পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯নং ওয়ার্ডে তাকে ভর্তি করে। রবিবার সেখানে চিকিৎধীন অবস্থায় রাসেল মারা যায়।
সোহানা বেগম অভিযোগ করে বলেন, তার ভাই একজন পাট ব্যবসায়ী। তার দুইটি সন্তান আছে। সে কোন নেশা করে না। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি নির্যাতনকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
রংপুর ডিবির ওসি নর্থ শরিফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, রাসেল একজন হেরোইনসেবী। অতিরিক্ত হেরোইন সেবন করায় পয়জনিংয়ের কারনে তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/নূহু
