‘আয়োজিত হতে যাচ্ছে স্বাস্থ্য মেলা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২৩:২৬

আগামী ৮ ডিসেম্বর পাবলিক হেল্‌থ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’।

দিবসটি পালন উপলক্ষ্যে পাবলিক হেল্‌থ ফাউন্ডেশন এবার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একটি বিশেষ স্বাস্থ্য মেলা।

মেলার উদ্দেশ্য, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উদ্ভাবনীমূলক কার্যক্রমগুলোকে জনসম্মুখে তুলে ধরা।

মেলায় স্বাস্থ্যসেবা প্রদানকারী নানা সংস্থা, সংগঠন অংশগ্রহণ করবে। এছাড়া ব্যক্তি পর্যায়ের কোনো উদ্ভাবন থাকলে তাও প্রদর্শনের সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পাবলিক হেল্‌থ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

পাবিলক হেল্‌থ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. ফাতেমা আশরাফ বলেন, ছোট বড় নানা প্রকার অসুস্থতায় আমরা যে আক্রান্ত হই তার অনেকাংশই প্রতিরোধযোগ্য। যেমন: জীবাণুবাহিত রোগ সমূহ, মাতৃ মৃতু ও অসুস্থতা, শিশু মৃত্যু ও অসুস্থতা। পুষ্টি সম্পর্কিত বিষয়ের জন্য অসুস্থতা ইত্যাদি। ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন (WHO) বিশ্বব্যাপী যে স্লোগানটি দিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছিল তা হলো, ‘সবার জন্য স্বাস্থ্য’ আর সবাইকে সঙ্গে নিয়েই আমাদের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হবে।
তার জন্য চাই স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়ে সকলের সচেতনতা, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন। স্বাস্থ্য মেলার উদ্দেশ্য সেটিই।

কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় যার বা যে সংস্থার উদ্ভাবন সবচেয়ে ভালো হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে স্বাস্থ্য সেবা সুরক্ষায় নতুন কিছু করার চেষ্টা যেমন উৎসাহিত হবে তেমনি স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষেরাও নতুন কিছু পাবে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে উন্নত থেকে উন্নততর কিছু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

মেলা চলবে ৮ ও ৯ ডিসেম্বর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে। মেলা সবার জন্য উন্মুক্ত।’


ইত্তেফাক/নূহু