বিভিন্ন নদ-নদীর ৫৮ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:৪৩

 

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৮টি পয়েন্টের পানি হ্রাস ও ২৪ টির বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব পয়েন্টের পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এছাড়া ৮টি পয়েন্টে কোন তথ্য পাওয়া যায়নি। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।

 

ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পাতে পারে, যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে যেতে পারে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

 

গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। সোমবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নারায়ণহাট ৭৫ মিলিমিটার ও পাঁচপুকুরিয়া ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

ইত্তেফাক/এমআর