বিশ্বের অনেক দেশেই মূল স্থাপনার হুবহু নকল প্রতিকৃতি দেখা যায়। এই নকল স্থাপনা তৈরিতে বেশ এগিয়ে রয়েছে চীন। দেশটির সাংহাইয়ের কাছে তিয়ানদুচেং নামক এক জায়গা আছে, যেখানে ফ্রান্সের প্যারিসের আদলে গড়ে তোলা হয়েছে এক নতুন শহর। যার মাঝখানে ঠাঁই পেয়েছে ৩৫৪ ফুট উচ্চতার এক টাওয়ার, যেটি প্যারিসের মূল আইফেল টাওয়ারের হুবহু নকল। তবে নকল টাওয়ার ও নকল শহর গড়লেও, তা স্থানীয় মানুষকে খুব একটা টানতে পারেনি। এখনো খালি পড়ে আছে সেখানকার অনেকগুলো আবাসিক ভবন।
IMG0
শুধু এটিই নয়। গুয়াংঢং প্রদেশের অন্য একটি জায়গাকে ছোট্ট এক ইউরোপ বানিয়ে ফেলেছে চীনারা। যেখানে লন্ডনের বিখ্যাত ব্রিজসহ ইতালি ও সুইজারল্যান্ডের মনোরম গ্রামগুলোর আদলে অনেকগুলো গ্রাম তৈরি করা হয়েছে। আর এতে অন্তত ৯৪০ মিলিয়ন ডলার খরচ করেছে চীনারা।
IMG1
চীনের ধারাবাহিকতায় নকল স্থাপনা তৈরি প্রবণতা বিশ্বের অন্যান্য দেশেও দেখা যায়। বাংলাদেশেও ভারতের আগ্রায় অবস্থিত বিখ্যাত মুঘল নিদর্শন তাজমহলের আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ঢাকা থেকে ১০ মাইল পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পেরাব গ্রামে ৫৮ মিলিয়ন ডলার খরচ করে এটি তৈরি করেছেন ধনবান চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। এটি ব্যক্তিমালিকানাধীন এবং তথ্যানুসারে এটি তৈরি করতে মাত্র ৫ বছর সময় লেগেছে। মনি দাবি করেছেন, এটি তৈরিতে তিনি মার্বেল পাথর আমদানি করেছেন ইতালি থেকে, হীরা আমদানি করেছেন বেলজিয়াম থেকে এবং প্রায় ১৬০ কিলোগ্রাম ব্রোঞ্জ আমদানি করেছেন গম্বুজের জন্য, যদিও কিছু মানুষ দাবি করেন রেপ্লিকাটি সম্পূর্ণ নয় এবং দাবিকৃত উপকরণ দিয়ে তৈরি করা হয়নি।
IMG2
তিনি আরো জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন বাংলাদেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই। তবে, তাজমহলের এই রেপ্লিকা সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এমনকি বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের (৩০০ বছরের ও বেশি পুরনো) মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। ভিনটেজ নিউজ।
ইত্তেফাক/সেতু
