খুলনায় সীমানা পিলার তৈরির সরঞ্জাম এবং নকল ম্যাগনেটসহ দু’ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দাকোপ উপজেলার পল্লীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জিয়ারুল শেখ ওরফে জিয়া (৩৮) ও আব্দুস ছাত্তার শেখ (২৭)।
জেলা গোয়েন্দা শাখার সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে দাকোপ উপজেলার পশ্চিম শ্রীনগর গ্রামের জিয়ারুল শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সিমেন্ট দিয়ে তৈরি সীমানা পিলারের ৫টি টুকরা, কালো নীল রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো তিন কোনা বিশিষ্ট সোনালী রংয়ের কাঠের তৈরি কথিত ম্যাগনেট, প্লাস্টিকের এ্যামপোল ২০ টি, প্লাস্টিকের হ্যান্ড গ্লোবস ৭ পিস, টিউব মেরামতের রাবার ২৫০ গ্রাম, প্লাস্টিকের কালো চশমা ৪টি, টিউব কাটা অংশ ৪ পিস, কালো মাকস ২টি, কাচা রাবার ৩ কেজি, কার্বন ১ প্যাকেট, টেপ ১ প্যাকেট, ফয়েল পেপার ২ প্যাকেট, খেলনা প্লাস্টিকের এসএমজি আকৃতি ১ টি, কাচি ১টি, ৩ টি মোবাইল সেট, বিভিন্ন কোম্পানির ১৮টি সিম, কসটেপ দিয়ে ১টি পুরাতন বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিয়ারুল শেখ ওরফে জিয়া ও আব্দুস ছাত্তার শেখকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশে ইনচার্জ সিকদার আককাছ আলী জানান, আটককৃতরা দেশের মূল্যবান সীমানা পিলার ইতিপূর্বে ভারতে পাচার করেছে। বর্তমানে নকল পিলার তৈরি করে মূল্যবান সীমানা পিলার বলে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) মো. লুৎফর রহমান বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এমআই
