ট্রেনের টিকেট বিক্রয়ে দুর্নীতি

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:০৮

স্থলপথে যাতায়াতের সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক ব্যবস্থা হলো রেল। অথচ এই রেল যোগাযোগব্যবস্থা এখন দুর্নীতিযুক্ত। শীর্ষে রয়েছে দেওয়ানগঞ্জ রেলস্টেশনে। এখানে টিকেট পাওয়ার জন্য অনিয়মের আশ্রয় নিতে হয়। যাত্রীরা যখন কাউন্টারে টিকেট কাটতে যান, সিট থাকা সত্ত্বেও যাত্রীদের তা দেওয়া হয় না। ব্লাকে বিক্রি করা হয় সিটসহ টিকেট এবং কাউন্টারে বিক্রি করা হয় সিটবিহীন টিকেট। সিট পাওয়ার জন্য যাত্রীরা কাউন্টারে আকুতি জানালে তাঁদের এই বলে আশ্বাস দেওয়া হয় যে, ৩-৪টি টিকেট কাটলে একটি সিট পাবেন। দূরবর্তী ভ্রমণেচ্ছু যাত্রীদের তখন বাধ্য হয়ে ৩-৪টি টিকেটের টাকা দিয়ে একটি সিট নিতে হয়। বিষয়টি টিকেট কাউন্টার অফিস এবং স্থানীয় পুলিশকে জানানো হলেও, তাঁরা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এ অবস্থায়, কাউন্টারে টিকেট বিক্রয়ে অনিয়ম দূর করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জসিম উদ্দীন

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়