লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ উভয়পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাজারে আতংক ও থম-থমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক আলাউদ্দিনের জম্মদিন পালন করছিল তার অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় দলীয় কোন্দলের জের ধরে জম্মদিনের কেক কাটা অনুষ্ঠানে একই কমিটির যুগ্ম আহবায়ক আবু তালেব ও তার সমর্থকরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে দফায়-দফায় লাঠি সোটা হাতে ধাওয়া পাল্টা ধাওয়ার ও এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
দু’পক্ষের সংঘর্ষে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম, ছাত্রলীগ কর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন ও বাজার ব্যাবসায়ী আবদুর ছাত্তারসহ ৫জন আহত হন।
ইত্তেফাক/নূহু
