গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়-সিন্দিয়া অভিমুখী কাঁচা রাস্তার উপরে সাঁকো নির্মাণ করে ১০ গ্রামের মানুষের চলাচল করতে হচ্ছে। বৃষ্টিতে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটিতে।
বৃষ্টি হলে সড়কটির জলিরপাড়ের কিছু অংশ পানিতে ডুবে যায়। তখন এলাকাবাসী সড়কের ওপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে। চলাচলের অনুপযোগী এ সড়ক দিয়ে চলাচলকারীরা হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ছেন। এ সড়কে পণ্য পরিবহনের সময়ও এলাকাবাসীকে কষ্ট করতে হচ্ছে।ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়।
মুকসুদপুর উপজেলার জলিরপাড়া ইউনিয়নের জলাভূমি বেষ্টিত পশ্চাৎপদ আবাদিবাড়ী, গজাড়িয়া, উল্লাবাড়ী, সিন্দিয়া, খালিয়া, জলিরপাড়, দক্ষিণ জলিরপাড়, শান্তিপুর, হঠাৎগ্রাম, পূর্বপাড়া গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩০ বছর আগে এ মাটির কাঁচা সড়ক নির্মাণ করা হয়।
জলিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী ওই সড়কের দুর্দশার কথা স্বীকার করে বলেন, 'আমরা এ সড়কের জন্য প্রকল্প গ্রহণ করে জেলা পরিষদে অনেক আগেই পাঠিয়েছি। ইতিমধ্যে এ প্রকল্প পাশ হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ সড়কে ইট বিছানোর কাজ করা হবে।' অচিরেই এ সড়কের এ কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান
