পাবনার সুজানগরের হাট-বাজারে আকাশ ছোঁয়া দামে সবজি বিক্রি হচ্ছে। উপজেলার অধিকাংশ হাট-বাজারে বেগুন, পটল, কচু, ঝিঙে এবং পোল্লাসহ অন্যান্য সবজি ৫০টাকা কেজির নিচে মিলছেনা।
সরেজমিন খোঁজ নিলে দেখা যায়, হাট-বাজারে সবজির যথেষ্ট আমদানি রয়েছে। তাছাড়া গত সপ্তাহ থেকে শীত শুরু হওয়ায় লাউ কুমড়া, ফুল কপি এবং মুলাসহ শীতের সবজি উঠতে শুরু করেছে। ফলে এ সময় সবজির দাম কমে যাওয়ার কথা। কিন্তু ব্যবসায়ীরা বলছে এ বছর অতি বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ার কারণে আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
ভুক্তভোগী ক্রেতারা অভিযোগ করে বলেন, হাট-বাজারে প্রচুর সবজি আমদানি হওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় বেগুন, পটল, কচু, ঝিঙে এবং পোল্লাসহ অন্যান্য সবজি ৫০ থেকে ৬০টাকা কেজি দরে বিক্রি করছে। বিশেষ করে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে সবজি বিক্রি করছে। সবজির বর্তমান এ বাজারে নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে পড়েছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের লোকজন সবজি কিনতে পারলেও আগের মত একাধিক সবজি তথা বেশি বেশি করে কিনতে পারছেন না।
সুজানগর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুফান খান বলেন, আগে বাজারে গিয়ে ১শ' টাকার সবজি কিনলে ব্যাগ ভরে যেত। কিন্তু বর্তমানে ৩শ' টাকার সবজি কিনলেও ব্যাগ ভরেনা। ভুক্তভোগী ক্রেতারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজার মনিটরিং কমিটির হস্তক্ষেপ কামনা করছেন।
ইত্তেফাক/জামান
