সুন্দরবনে বনদস্যু নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৩:৪১
 
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের নুর হোসেন বাহিনীর প্রধান নুর হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে নিজ গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে।
 
জেলে সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে সুন্দরবনের চুনকুড়ি এলাকায় পোড়াকাটলা খালে বনদস্যু নুর হোসেন ও তার গ্রুপের সদস্যদের মধ্যে টাকা ভাগবাটোয়ারা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে দা দিয়ে কোপাকপি শুরু হয়। এতে বাহিনীর প্রধান নুর হোসেন নিহত হন। তার সঙ্গীরা পলিথিনে পেঁচিয়ে বনের মধ্যে লাশ ফেলে রেখে যায়। পরে জেলেরা জানতে পেরে স্থানীয়দের খবর দেয়।
 
স্থানীয় কয়েক জন জেলে বনের মধ্য থেকে পলিথিনে জড়ানো বনদস্যুর লাশ সন্ধ্যা ৭টার দিকে লোকালয়ে নিয়ে আসে। শ্যামনগর থানার এসআই লিটন জানান, নিহত বনদস্যু কলারোয়া উপজেলার বজ্রবক্স গ্রামের জাকির হোসেনের ছেলে। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'নিহত বনদস্যুর লাশ সাতক্ষীরায় মর্গে প্রেরণ করা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান