পঙ্গুত্বকে পুঁজি করে ইয়াবা পাচার, পুলিশের হাতে ধরা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৪:৫৫
 
২৬ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা আবুল হোসেন (৪৫) । পঙ্গুত্ব বরণ করে নিজ গ্রামে ছোট একটি দোকান দিয়ে চা-পান-বিড়ি সিগারেট বিক্রি করে সংসার চালিয়ে আসছেন তিনি। কিন্তু প্রতিদিনের চা বিক্রির স্বল্প আয়ে তার চাহিদা মিটে না। অল্প দিনে বড় হওয়ার আশায় জড়িয়ে পড়েন মাদক পাচার ব্যবসায়।
 
আবুল হোসেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ছাব্রাং রোলার ডেপা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। দুই পা না থাকায় মানবিক কারণেই যে কোন গাড়িতে স্থান হয় তার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকবার টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচার করে যাচ্ছিলেন আবুল হোসেন। এরই মধ্যে পুলিশের হাতে ধরা খাওয়ার পর জেলও খেটেছেন তিনি। কিন্তু জামিনে মুক্তি পেয়েও থেমে নেই তার মাদক পাচার ব্যবসা। তবে বদলেছেন কৌশল।
 
IMG0
 
পা না থাকায় ছোট দুটি কাঠের পিঁড়িতে ভর করে আবুল হোসেন চলাফেরা করেন। সেই পিঁড়ির পায়াতে সুকৌশলে বক্স তৈরি করে সেখানে ইয়াবা রেখে আবার পিঁড়ির পায়া লাগিয়ে বাস যোগে টেকনাফ থেকে ঢাকায় বহন করে আসছিলেন তিনি। কিন্তু সে কৌশল তার শেষ রক্ষা হলো না।গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কাঠেরপুলে অভিযান চালিয়ে সোহাগ পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করে পুলিশ।
 
চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার সাথে থাকা দুইটি পিঁড়ির চার পায়ার ভিতর থেকে ২ হাজার ৩৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদেরও আসামি করা হবে।
 
ইত্তেফাক/জামান