‘নারীদের সমঅধিকারের ভিত্তিতে সব কাজে সমান অংশগ্রহণ জরুরি’

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৯:১৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারীদের সমঅধিকারের ভিত্তিতে সব কাজে সমান অংশগ্রহণ জরুরি। আজ মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বিকশিত নারী নেত্রীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আগে সমাজে নারীরা আনেক পিছিয়ে ছিল। অনেক রক্ষণশীলতা ও কুসংস্কারের শিকার তাদের হতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
 
তিনি বলেন, নারী ও শিশু আধিকার রক্ষায় আইন করার পাশাপশি সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রতিমন্ত্রী বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের সক্রিয় উপস্থিতি তারই প্রমাণ বহন করে। সামজিক ক্ষেত্রেও নারীরা পিছিয়ে নেই। কিন্তু এখন তারা অর্থনৈতিক কর্মকান্ডে ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসারের উপার্জন বৃদ্ধি করছে এবং সমাজে তারা একটি অবস্থান তৈরি করছে। 
 
মৎস্য প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদেরকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। তবে এক্ষেত্রে পুরুষদের আরও উদার মানসিকতার পরিচয় দিতে হবে। 
 
ইত্তেফাক/এমআই