বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে দুটি পৃথক ঘটনা দেখিয়ে কুমিল্লার সদর দক্ষিণ ও দেবিদ্বারে বিএনপির প্রায় দুইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার গভীর রাতে দুইটি মামলা হয়েছে।
খালেদা জিয়া শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা হয়ে কক্সবাজার যাওয়ার সময় তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ওই দুটি মামলা দায়ের করা হয়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় শনিবার বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ অফিসের কাছে প্রতিপক্ষের হামলায় আহত হন বিএনপি নেতা ও দক্ষিণ পেরুল ইউনিয়নের মেম্বার শরীফসহ কর্মীরা। গুরুতর আহত শরীফ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে ওইদিন খালেদা জিয়া কুমিল্লা অতিক্রমের পর কুমিল্লা-নোয়াখালী সড়কের বাগমারার জামতলী এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা দেখিয়ে বিএনপির ৪৩জন ও অজ্ঞাতনামা ৩০জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন।
বাগমারা (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক মিয়া বলেন, ‘নেত্রীর (বেগম খালেদা জিয়া) আগমন উপলক্ষে আমাদের শো-ডাউনকে বানচাল করার জন্য সদর দক্ষিণের বিভিন্নস্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি লোকদের উপর হামলা চালিয়ে আহত করে ও যানবাহন ভাংচুর করে। পরে তাদের অব্যবহৃত পুরাতন ও বিকল একটি মোটরসাইকেলে নিজেরা অগ্নিসংযোগ করে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।’
এছাড়া একইদিন বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানাতে আসা বিএনপির সাথে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষের ঘটনায় দেবিদ্বার উপজেলা বিএনপির ৩৩জন ও অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুলসহ নেতাকর্মীদের আসামি করে সোমবার গভীর রাতে এ মামলা দায়ের করা হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসাম মুন্সী বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন কক্সবাজার যাওয়ার পথে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালায় এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে। ওই সময় তারা আমাদের নেতাকর্মীদের প্রায় ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করেছে। এখন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।’
ইত্তেফাক/আরকেজি
