এরদোগানকে ‘ফ্যাসিস্ট’ বলায় বিরোধী দলের এমপির বিরুদ্ধে মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২১:৩৮
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানকে ‘ফ্যাসিবাদী একনায়ক’ বলায় বিরোধী দলের এক নামকরা আইনপ্রণেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এরদোগানের এক আইনজীবী গতকাল এ কথা জানিয়েছেন।
 
মামলার অভিযোগে বলা হয়, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির নেতা বুলেন্ট তেজকান প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে ওই কটূ মন্তব্য করেন। এরদোগানের আইনজীবী হুসেইন আইদিন টুইটারে বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে অসন্মানজনক মন্তব্য করায় আমরা বুলেন্ট তেজকানের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছি। এদিন টুইটারে তিনি অভিযোগের একটি কপিও পোস্ট করেন। পিটিশনে বলা হয়েছে, বিষয়টিকে কোনভাবেই আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করতে পারি না। এটি প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের একটি অংশ। 
 
গত সোমবার পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগে তেজকান স্থানীয় বিচার বিভাগীয় ব্যবস্থার সমালোচনা করে বলেন, যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তা সত্যিই অনভিপ্রেত। তিনি বলেন, যদি আপনি (এরদোগান) সাধারণ জনগণকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করেন এবং দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন তাহলে আমরাও বলবো এতে আমরা বিচলিত নই। তিনি বলেন, আমি জানি না আমাদের মেয়র কি বলেছেন বা বলেননি। তবে আমি বলছি, এরদোগান যা করছেন তাকে আমরা ‘ফ্যাসিবাদী একনায়ক’ এর সঙ্গে তুলনা করতে পারি। উল্লেখ্য এ অভিযোগ প্রমাণিত হলে দোষীর চার বছরের কারাদন্ড পর্যন্ত হতে পারে। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির