কর্ণফুলীতে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৬

চট্টগ্রাম অফিস

কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মো. আকবর (৩৫) ও মো. হানিফ। গতকাল মঙ্গলবার সকালে ইপিজেড থানার কর্ণফুলী নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহ দুইটি পাওয়া যায়। ইপিজেড থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাশ দুইটি পানি থেকে উদ্ধার করে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহত আকবর জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের নূরুল ইসলামের পুত্র। হানিফ একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল খালেকের পুত্র। আকবরের স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র এবং হানিফের স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রয়েছে।

 নৌকাডুবির ঘটনায় সাদিয়া টেকনো বিল্ডার্স লিমিটেডের ম্যানেজার জুলধা ১০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের কর্মচারী শেরপুরের বাসিন্দা হাবিব (৩০) নিখোঁজ রয়েছেন এবং অপর এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নৌকাডুবির পর থেকেই নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আসছে।