চেক প্রতারণা মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২২:২৩
 
ব্যাংক কর্মকর্তার দায়ের করা চেক প্রতারণা মামলায় মঙ্গলবার এক পুলিশ সদস্যকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন যুগ্ম জেলা দ্বিতীয় জজ দ্বিতীয় আদালতের বিচারক। পাশাপাশি ব্যাংক থেকে লোন নেওয়া টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 
 
বিচারক এসএম আশিকুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নায়েক পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 
 
আদালত সূত্র জানায়, শফিকুল ইসলাম ২০১০ সালের ২০ জুলাই অগ্রণী ব্যাংকের নগরীর চকবাজার শাখা থেকে ১ লাখ টাকা লোন নেন। কিস্তি না দেয়ায় সেই অর্থের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৬৯ হাজার টাকায়। 
 
ব্যাংক থেকে একাধিকবার তাগিদ দেয়া হলে ২০১৩ সালের ১৬ এপ্রিল ব্যাংকে তার একাউন্টে একটি চেক জমা দেন শফিকুল। পর্যাপ্ত টাকা না থাকায় ২৪ এপ্রিল চেকটি ফেরত দেয়া হয়। পরের দিন একমাসের মধ্যে টাকা জমা দেয়ার জন্য উকিল নোটিশ দেয়া হয়। 
 
সর্বশেষ অগ্রণী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ পুলিশ সদস্য শফিকুল ইসলামকে বিবাদী করে ২০১৩ সালের ৬ জুন বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১৫ই নভেম্বর আদালতে অভিযোগ গঠন এবং ১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন বিচারক।
 
ইত্তেফাক/আরকেজি