ভৈরব নদের বালু বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০১:১৬

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু’টি অভিযানে ৫৬ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভৈরব নদের পাড় থেকে বালু-মাটি বিক্রি ও ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে মঙ্গলবার বিকালে জরিমানা আদায় করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলা উজলপুর নিশ্চিন্তপুরে মর্তেজ আলী, শরিফুল ইসলাম ও ফজিলা খাতুন নিজ নিজ জমির পাশে ভৈরব নদী থেকে মাটি এবং বালু তুলে বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক তাদের দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। অবশ্য বিলম্বে হলেও জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পান ওই তিনজন।

এদিকে একই ভ্রাম্যমাণ আদালত দুপুরে মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে যানবাহনে হাইড্রোলিক হর্ণ পরীক্ষা করেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হর্ণ থাকায় সোহেল মিয়া, লিটন হোসেন ও তরিকুল ইসলাম নামের তিন ট্রাক চালককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২ ও ১৫৫ ধারা মোতাবেক তাদের দোষী সাব্যস্ত করে সোহেলকে ৬শ’ টাকা এবং বাকি দু’জনের কাছ থেকে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জব্দ করা হয় হাইড্রোলিক হর্ণ।

ইত্তেফাক/নূহু