মহম্মদপুরে স্কুলের পাশে ইটভাটা বন্ধে মানববন্ধন

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০১:২৫

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ধোয়াইল এলাকায় স্কুলের পাশে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা বিদ্যালয় সংলগ্ন মহম্মদপুর-মাগুরা সড়কের দুই পাশে মানববন্ধনে অংশ নেয়। বিদ্যালয় দুটি হচ্ছে ধোয়াইল আদর্শ মাধ্যমিক ও ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও আব্দুল হালিম মিয়া জানান, একই ক্যাম্পাসের উত্তরে সরকারি প্রাথমিক ও দক্ষিণ পাশে মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। দক্ষিণ পাশে বিদ্যালয়ের দেয়ালের আনুমানিক একশ গজ দূরে স্থানীয় শরিফ, নায়েব ও জোবায়ের নামের তিন ব্যক্তি তিন ফসলি জমিতে নিচু টিনের চিমনির ইটভাটা নির্মাণ করছেন। ইটভাটা নির্মাণের আগে তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেননি।

ইটভাটা বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেও কোন ফল পাননি। ইটভাটাটি ইতোমধ্যে উত্পাদনে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইটভাটার একজন মালিক শরিফ হোসেন বলেন,‘তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইটভাটা করছেন। ইটভাটার কারণে বিদ্যালয় দুটির কোন ক্ষতি হবে না বলে দাবি করেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান বলেন,‘এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু