স্বাধীনতার ৪৬ বছরেও রাস্তা পাকা হয়নি!

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০১:৩০

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে চার কিলোমিটার বেহাল রাস্তা ও জলাবদ্ধতার জন্য দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের কমপক্ষে ৪০ হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন মনপাল এবং তপইয়া গ্রামের বাসিন্দাদের। কৃষ্ণপুর থেকে তপইয়া-মনপাল হয়ে ষোলদনা সড়কের অধিকাংশ এলাকা বছরের প্রায় আট মাস ধরে জলাবদ্ধ থাকে বলে জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদাসীনতায় স্বাধীনতার ৪৬ বছরেও ওই এলাকার কাঁচা রাস্তাগুলো পাকা না করার কারণে মানুষের দুর্ভোগ কাটেনি।  স্থানীয় এলাকার লোকজন জানান, লাকসাম উপজেলার কৃষ্ণপুর থেকে তপইয়া-মনপাল হয়ে ষোলদনা পর্যন্ত আড়াই কিলোমিটার এবং রামপুর থেকে মনপাল হয়ে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা যুগ যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে মনপালের সঙ্গে কৃষ্ণপুর, তপইয়া, রাজাপুর, রামপুর, ষোলদনা, মামীশ্বর, কৃষ্ণপুরসহ ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। বর্ষায় রাস্তাগুলো পানিতে ডুবে থাকে। প্রায়ই খানাখন্দে বিভিন্ন যান আটকে থাকে। অসহনীয় কষ্ট সহ্য করতে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।

তপইয়া গ্রামের বাসিন্দা প্রকৌশলী আরিফুর রহমান জানান, ‘কৃষ্ণপুর থেকে তপইয়া-মনপাল হয়ে ষোলদনা সড়ক পাকাকরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছি। আশা করছি সহসা কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্যোগ নিবে।’

মনপাল গ্রামের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আশপাশের গ্রামের রাস্তা পাকা হলেও মনপালে নেই কোনো পাকা রাস্তা। এতে  গ্রামের মানুষের চলাচলে ভোগান্তির শেষ নেই।’

একই গ্রামের বাসিন্দা আবু তাহের বলেন, ‘মনপাল-তপইয়ার রাস্তা এতো খারাপ হয়েছে ওই গ্রামে রিকশাও আনা যায় না। বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। এ এলাকায় এ বছর আট মাসই রাস্তা পানিতে ডুবে রয়েছে।’

স্থানীয় উত্তরদা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, ‘মনপাল ও তপইয়ার রাস্তার অবস্থা একেবারে খারাপ। খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা হয়েও রাস্তার ক্ষতি হচ্ছে। এ ছাড়া অপরিকল্পিতভাবে মাছ চাষ করায়ও রাস্তা ভেঙে পড়ছে। এ বিষয়ে সবার সচেতনতা জরুরি। রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।’

লাকসাম উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই এলাকার রাস্তাগুলোর খারাপ অবস্থা এবং জনগণের দুর্ভোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তা জানানো হয়েছে। রাস্তাগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু