'আপনারা আগেই সাবধান হয়ে যান'

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৫:১৭
 
দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরুদ্দিন আহমেদ বলেছেন, আপনারা আগেই সাবধান হয়ে যান। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। অনেকের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছি। আমরা স্বাধীনভাবে কাজ করি। এমনকি মন্ত্রী, এমনি এবং প্রশাসনের বড় কর্মকর্তাদেরও আমরা কেয়ার করি না। নওগাঁয় দুর্নীতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন রাজশাহীর আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দুদক কমিশনার সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, 'আমি ও আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত'। একথাটি বড় কাগজে লিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর করে দফতরের সামনে টাঙিয়ে রাখতে হবে এবং আগামী রবিবারের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে।
 
তিনি বলেন, 'আপনারা যে সেবা দেন সেটা সেবা প্রার্থীর কাছে একটি ফরমে ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক টিক চিহ্ন নিন। যে সেবা আপনারা দেন তাতে মনে হয় ‘হ্যাঁ’ চিহ্ন আশা করা যায় না। সরকারি কর্মকর্তারা এখনো জনগণের সাথে ভাল আচরণ করেন না। আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। সেটাকে আমরা কাজে লাগাবো। আমাদের সেবা দেয়ার মানষিকতা থাকতে হবে।'
 
এ সময় নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকসহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় সড়ক ও জনপদ (সওজ), মহিলা বিষয়ক অধিদফতর, ভূমি রেজিস্ট্রি অফিস, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা সদুত্তর দিতে পারেননি। সভায় জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান