সিরাজগঞ্জে সুতাকল শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৬:২৫
 
সিরাজগঞ্জের শিয়ালকোলের কোয়েলগাঁতী থেকে মোস্তাকিন (১৭) নামে এক সুতাকল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোস্তাকিন একই ইউনিয়নের জগতগাঁতী গ্রামের হারুন অর রশিদের ছেলে ও এম এ কটন মিলস'র শ্রমিক। 
 
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে কয়লগাঁতী গ্রামে একটি আমগাছে মোস্তাকিনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
তিনি আরো জানান, নিহতের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী না’ উল্লেখ করে নিজের প্রেমিকার উদ্দেশ্যে লিখেছেন মরার পর তাকে শেষবারের মতো দেখে যেতে।
 
তবে নিহতের বাবা হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে আমিনা খাতুনের একটি স্মার্ট ফোন হারানোর ঘটনায় তার ছেলেকে অপবাদ দেয়া হয়। এ ঘটনায় দুই দফা শালিসী বৈঠকে মোবাইল চুরির অভিযোগ প্রমানিত না হলেও তাকেই দায়ী করা হয় এবং মানসিকভাবে নানা চাপ সৃষ্টি করা হয়। এ কারণে সে আত্মহত্যা করেছে। 
 
ইত্তেফাক/কেকে