রাজধানীতে পৃথক অভিযানে ডাকাত দলের ৮ সদস্য ও ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ও ডিবি। র্যাব-২ সূত্র জানায়, মঙ্গলবার রাতে শ্যামলীর শিশুমেলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বাবুল, রিফাত আহমেদ ওরফে হৃদয়, সুজন, শীলন, শাহ আলম, আল আমিন, মোশাররফ হোসেন ও জালাল। এসময় তাদের কাছ থেকে ৩টি ডেগার, ২টি চাকু ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে ডাকাতি করতো।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার রাতে রমনা থানার পশ্চিম হাজীপাড়া থেকে ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আমিনুল ইসলাম কামরুল, আহসান হাবীব সৈকত, শাহজাহান মিয়া ও ইকবাল হোসেন জয়। এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, একটি দেশি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআই
