যশোরে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:৩২
 
অভয়নগরের নওয়াপাড়া জুট মিলের পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। 
 
উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, যশোর, খুলনা ও মনিরামপুর উপজেলার মোট পাঁচটি ইউনিট তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এখনও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি।
নওয়াপাড়া জুট মিলে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে যশোর ও খুলনা জেলা  ফায়ার সার্ভিস ও মনিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 
 
মিলের সহকারী জেনারেল ম্যানেজার বায়জিদ আহম্মেদ জানান, আগুনে মিলের  ৯নং গুদামের মালামাল পুড়ে ছাই হয়েছে গেছে। মাগরিবের আযানের পর মিলের গুদামে আগুন দেখা যায়।
IMG0 
যশোর জেলা ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, “নওয়াপাড়া, যশোর, খুলনা ও মনিরামপুর উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ রির্পোট লেখা পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।"
 
ইত্তেফাক/আরকেজি