নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে প্রায় ৮০ হাজার মানুষের রেজিস্ট্রেশন রয়েছে। যার মধ্যে ২৮ হাজার মানুষ তাদের আয়কর প্রদান করেন। গত বছর এই সংখ্যা আরো কম ছিল। চলতি বছরে আয়কর প্রদানকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করদাতাদের উৎসাহিত ও নতুন করদাতাকে করের আওতায় আনার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়েছে নারায়ণঞ্জের কর অঞ্চলের আয়োজিত চারদিন ব্যাপী আয়কর মেলা ২০১৭। এ বছর আয়কর মেলায় আয়কর আদায়ের লক্ষ্য মাত্রা নিধারণ করা হয়েছে তিন কোটি টাকা। মেলায় বসেছে ২৪টি স্টল- যাতে রয়েছে ই-টিআইএন রেজিস্ট্রেশন ব্যবস্থা, রিটার্ন দাখিল করা, ই-পেমেন্ট কর পরিশোধ, ভ্যাট সংক্রান্ত পরামর্শ, সঞ্চয়পত্র সংক্রান্ত ইত্যাদি। এছাড়া বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বুথ রয়েছে। কর পরিশোধের জন্য মেলায় রয়েছে সোনালী ও জনতা ব্যাংকের বুথ।
সারাদেশের ন্যায় এ বছর নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় কর মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। এ ছাড়া শুক্রবার ও শনিবার সরকারি অফিস বন্ধের দিন করদাতাদের সেবা প্রদাণকরার জন্য আরো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের কর কমিশনার রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ’র পরিচালক মঞ্জুরুল হক, খন্দকার সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
