কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির মাধ্যমে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শিক্ষক ও সাংবাদিক আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় আটককৃত সাংবাদিককে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
আনিছুর রহমান রাজীবপুর উপজেলার কোদালকাটি মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দৈনিক সংবাদ পত্রিকার রৌমারী প্রতিনিধি হিসেবে কর্মরত। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
কুড়িগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) সিরাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার তথ্য প্রমাণ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
