চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি মো. মকবুল হোসেন বেপারীর ছোট ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, প্রায় তিন বছর আগে একইভাবে পানিতে ডুবে মকবুল হোসেনের আরেক ছেলে মারা যায়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওমর ফারুক বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলারত অবস্থায় সবার অগোচরে বাড়ির পুকুরে পানিতে ডুবে যায়। চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফারুকের চাচাতো ভাই বাড়ির পুকুরের নামলেই ঘাটলার নিচে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। এর পরেই প্রথম বাকিলা বাজারস্থ উপ-স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফরুককে মৃত ঘোষণা করেন।
বিকেলেই শিশুটিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে পর পর দুটি ছেলে সন্তান হারিয়ে মকবুল হোসেন দম্পতি নির্বাক হয়ে যান।
ইত্তেফাক/নূহু
