মোহনগঞ্জে পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ০২:৪৯

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় বুধবার দেশের বৃহত্তর পাট কোম্পানী লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের একটি ক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। এ উপলক্ষে দেওথান গ্রামের কেন্দ্রস্থলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন। ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাং, লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী ৬ অক্টোবর এখানে কৃষকদের পাট চাষে উদ্ধুদ্ধকরণ এক সভায় আলোচনাকালে বলেছিলেন, ‘হাওরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পাট ন্যায্যমূল্যে বিক্রি করতে পারে না। সে জন্য একটি পাট ক্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগ অচিরে বাস্তবায়ন করা হবে।’ রিপোর্টটি ইত্তেফাকে ছাপা হয়।

ক্রয় কেন্দ্র খোলার ফলে কৃষকরা সরাসরি ন্যায্যমূল্যে নিজের উৎপাদিত পাট বিক্রয় করতে পারবে।

জানা গেছে, পাটের মান অনুযায়ী প্রতি মন পাট ১৬৫০টাকা থেকে ১৭৯০ টাকা মূল্য প্রদান করা হবে। উদ্বোধক তার বক্তব্যে বলেন, বাকীতে পাট কিনবে এই কোম্পানী, সে জন্য কৃষকরা পাট বিক্রি করতে পারবে কিনা বিষয়টি সন্দিহান। তবে আগের মত পানির ধরে পাট বিক্রি হবে না। কোম্পানীকে সততার সাথে ব্যবসা পরিচালনার দাবী জানান তিনি।

ইত্তেফাক/নূহু