লক্ষ্মীপুরে 'গোলাগুলিতে' ২৮ মামলার আসামি নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৪:৪৫
 
লক্ষ্মীপুরে তিনটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে ২৮ মামলার আসামি মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে জেলা সদরের বালাইশপুর বটের দিঘীরপাড় এলাকা তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
স্থানীয়রা জানায়, নিজের নামে বাহিনী গঠন করে লাদেন মাসুম দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিলেন। তিনি ওই বাহিনীর প্রধান ছিলেন। তার বাহিনীর সদস্যদের অত্যাচারে সদরের পূর্বাঞ্চলে এক ভীতিকর পরিস্থিতি ছিল। অাধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটতো।
 
পুলিশ জানায়, লাদেন মাসুমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে তিনি ঢাকা থেকে এলাকায় আসেন। এ সময় বটের দিঘীরপাড় এলাকায় কালা মাসুদ ও শাহাদাত বাহিনীর সাথে লাদেন মাসুম বাহিনীর গোলাগুলি হয়। গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে লাদেন মাসুম নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক, দুইটি এলজি, ১১ রাউন্ড গুলি ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়। নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ'র ছেলে।
 
ইত্তেফাক/জামান