ইত্তেফাক রিপোর্ট
দেশের শেয়ারবাজারে আস্থা সংকটের কারণে সমপ্রতি টানা দরপতন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি বলছে, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে মানসম্মত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। আইপিও এর সঙ্গে অনেক কিছু জড়িত। অন্য কোনোভাবে বাজার ভালো করা যাবে না।
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে সভাপতি মো. শাকিল রিজভী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আগে শেয়ারবাজারের সামপ্রতিক পরিস্থিতি নিয়ে ডিবিএর নেতারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে শাকিল রিজভী বলেন, বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল দুর্বল আইপিও। দুর্বল কোম্পানি তালিকাভুক্ত হওয়ার কারণে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। তাই বলে আইপিও বন্ধ করা যাবে না, অবশ্যই আইপিও আসতে হবে। সেই আইপিও হতে হবে মানসম্মত। যাতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।
সমপ্রতি দরপতনের কারণ হিসেবে ডিবিএ সভাপতি বলেন, আস্থা সংকটের কারণেই সমপ্রতি শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিয়েছে। এছাড়া ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়া, তারল্য সংকট, সঞ্চয়পত্রের সুদ হার বেশি থাকা, লভ্যাংশ হিসেবে অতিমাত্রায় বোনাস শেয়ার দেওয়া শেয়ারবাজারের দরপতনে প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, এক্সপোজার সমস্যার কারণে মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই বিএমবিএ’র পক্ষ থেকে বন্ড ইস্যু করার অনুমতি চাওয়া হবে। যে বন্ডের অর্থ মার্চেন্ট ব্যাংকের এক্সপোজারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
