চাঁপাইনবাবগঞ্জে শ্বাসরোধে শিশু হত্যা

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৬:০৩
 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা রোজিনা ও সৎ বাবা এমদাদুলকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামে এ ঘটনা ঘটে। 
 
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাকারিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাধারনগর ইউনিয়নের দুবইল গ্রামে শিশুছেলে নুরন্নবীর রক্তাক্ত মৃতদেহ নিয়ে মা রোজিনাকে কান্নাকাটি করতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। সকালে গোমস্তাপুর থানা পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা রোজিনা ও সৎ বাবা এমদাদুলকে আটক করে। শিশুটির মামা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/জামান