ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৬:০৯
 
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ১৫ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে মাদক বিক্রি এবং মাদক সেবন করবে না বলে অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এসে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা সবাই মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা।
 
পুলিশ জানায়, ১৫ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে থানায়।
 
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এখন থেকে তারা আর মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করেছেন। মাদকের কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে পুলিশ তাদেরকে স্বাগত জানাবে।
 
পুলিশ সুপারের কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-২ মো.মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন সহ মজলিশপুর মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দরা।
 
ইত্তেফাক/জামান