বগুড়ার গাবতলী শহীদ জিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দীনকে মারপিট ও চাঁদা দাবির ঘটনায় মামলা করা হয়েছে।
বুধবার রাতে অধ্যক্ষের স্ত্রী সুলতানা জেসমিন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় গাবতলী কলেজপাড়ার স্বেচ্ছাসেবক লীগনেতা ও সাবেক এমপি আমিনুল ইসলাম পিন্টু সরকারের ছেলে নুরুল সরকার সুমনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও দুইজন আওয়ামী লীগের সমর্থক ও ৫জন শিক্ষক রয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছে শহীদ জিয়া মডেল কলেজের ভূগোলের শিক্ষক রফিকুল ইসলাম, ইসলাম শিক্ষা শিক্ষক আমিনুল ইসলাম, ইতিহাস শিক্ষক কামাল মিয়া, ব্যবস্থাপনা শিক্ষক মো: কামরুজ্জামান, শরীর চর্চা শিক্ষক আব্দুস সুলতান, আওয়ামী লীগ কর্মী ছোট গোড়দহ গ্রামের লিমন সরকার ও মোহন সরকার।
মামলায় বলা হয়েছে, আসামিরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অধ্যক্ষ মাহাতাব উদ্দীনের অফিস কক্ষে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা অফিসের টেবিলের কাঁচ আসবাবপত্র ভাংচুর করে।
এছাড়াও তাকে হাতুড়ি পেটা করে। পরে আসামিরা অফিসের র্যাকের কাগজ পত্রাদি তছনছ ও টেবিলের ড্রয়ারে রক্ষিত কলেজের ও বেতনের ২লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী থানার ওসি খায়রুল বাশার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চালছে।
ইত্তেফাক/আরকেজি
