ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে জন্মস্থান বরিশালে পৌঁছান। স্পিকারের সাথে তার স্ত্রী নন্দিতা বন্দ্যোপাধ্যায় ও একজন ভারতীয় সাংবাদিক রয়েছেন।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানে বরিশাল বিমানবন্দরে পৌঁছান। এসময় বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম বরিশাল বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা জানিয়ে জেলা সার্কিট হাউজে নিয়ে আসেন। সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগ, বানারীপাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ সংলগ্ন বাড়িতে জন্মে ছিলেন তিনি। তার বারা ছিলেন বরিশাল আদালতের প্রখ্যাত আইনজীবী প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়। দাদা সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও ছিলেন একই আদালতের আইনজীবী। ব্রজমোহন কলেজ সংলগ্ন দোতলা বাড়িতে থাকতেন তারা।
তিনি শুক্রবার সকালে বিএম কলেজ, বিজয়গুপ্ত মনসা মন্দির, বরিশাল মহাশ্মশান ও চারণ কবি মুকুন্দদাসের কালীবাড়ী পরিদর্শন করবেন। শনিবার বরিশাল সিটি কর্পোরেশন ও কবি জীবনানন্দ দাশ লাইব্রেরি পরিদর্শন ও সুধী সমাবেশ শেষে বিমানযোগে তিনি বরিশাল ত্যাগ করবেন।
ইত্তেফাক/আরকেজি
