পরকীয়ায় বাঁধা দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মারজিয়া। তার স্বামীর নাম আজিজুল। উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে।
মারজিয়ার বাবার নাম নুরুজ্জামান। উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামে তার বাবার বাড়ি।
ঘটনার পর থেকে স্বামী আজিজুল পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত মারজিয়ার ভাই মো. ওমর ফারুক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মারজিয়ার সঙ্গে আজিজুলের বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। তাদের সংসারে ১ টি ছেলে ও ২টি মেয়ে রয়েছে। কিছুদিন ধরে মারজিয়ার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি মারজিয়া বুঝতে পারায় স্বামী আজিজুলকে নিষেধ করে। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রী’র মধ্যে পারিবারিক কলহ হতো।
এরই জের ধরে বৃহস্পতিবার ঝগড়া হয়। এক পর্যায় আজিজুল মারজিয়াকে গলা টিপে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/নূহু
