ক্লিনিক ভাঙচুর

বগুড়ায় ভুল চিকিত্সায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:২৯

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের মালেকা নার্সিং হোমে ভুল চিকিত্সায় হুমায়রা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় নার্সিং হোমে ভাঙচুর করেছেন শিশুর স্বজন ও স্থানীয়রা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় চিকিত্সক ও কর্মচারীরা সেখান থেকে পালিয়ে যান।

শিশু হুমায়রা খাতুন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার হারুনর রশিদের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

হুমায়রার মামা আলমগীর হোসেন জানান, টনসিলের প্রদাহ নিয়ে বেশ কিছুদিন ধরে মালেকা নার্সিং হোমে নাক-কান ও গলার সিনিয়র কনসালটেন্ট ডা. সাইদুজ্জামান পর্যবেক্ষণে রেখেছিলেন শিশুটিকে। তার তত্ত্বাবধানে সোমবার বিকালে হুমায়রার টনসিলে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অস্ত্রোপচারের জন্য শিশু হুমায়রাকে অজ্ঞান করার দুই ঘণ্টা পেরিয়ে গেলেও তার জ্ঞান না ফেরায় স্বজনরা ক্লিনিকে কর্তব্যরতদের বিষয়টি জানান। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে হুমায়রাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ঐ চিকিত্সক। শিশুটিকে তার স্বজনরা সেখানে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে হুমায়রার লাশ মালেকা নার্সিং হোমে নিয়ে আসলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। শিশুটির স্বজনরাসহ স্থানীয় কিছু লোকজন ভাঙচুর চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, শিশুর পরিবার থেকে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।