খুলনায় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়স্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর জেপি'র সহ-সভাপতি চৌধুরী হাবিবুর রহমান।
সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ঘাতকচক্র গণতন্ত্রকে নির্মূল করার লক্ষ্যে বঙ্গবন্ধুর সহচর চার জাতীয় নেতাকে কারাগারের অভ্যন্তরে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যা ও চৌদ্দ দলীয় জোট নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ঘাতকচক্রের সে উদ্দেশ্য সফল হয়নি। নেতৃবৃন্দ বলেন, এই বাংলার মাটিতে মানবতাবিরোধী চক্র ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেয়া হবে না।
সভায় প্রধান অতিথি ছিলেন জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। বক্তৃতা করেন খুলনা জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, শহিদ্দুজ্জামান, ডা. এম.এন আলম সিদ্দিকী, বাগেরহাট জেলা জেপির আহবায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা জেপির মহিলাবিষয়ক সম্পাদক সুমি আক্তার, মহানগর মহিলা পার্টির আহবায়ক আয়েশা বেগম মালা, ডা. বেল্লাল হোসেন, মীর শাহজাহান, আবুল হোসেন, ইব্রাহিম হোসেন, শাহ্ জামাল, মিনহাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মুক্তা বেগম প্রমুখ।
ইত্তেফাক/জামান
