কোচিং থেকে বাড়ি ফেরার পথে ব্যস্ত স্টেশনের পাশেই তিন ঘণ্টা ধরে গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের ভোপালের হাবিবগঞ্জ রেলস্টেশনে পাশে এ ঘটনা ঘটে।
ওই তরুণী ভোপালে থাকেন। প্রতি দিনের মতোই মঙ্গলবার সন্ধ্যায় কোচিং শেষে বাড়ি ফেরার জন্য হাবিবগঞ্জ রেলস্টেশনে যাচ্ছিলেন। স্টেশনে পৌঁছনোর আগেই তার পথ আটকায় গোলু বিহারী নামে এক দুষ্কৃতী। তাকে টেনে হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই তরুণী গোলুকে লাথি মেরে পালানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। গোলু তার এক আত্মীয় অমর ঘণ্টুকে ডাকেন। এর পর দুজনে মিলে তরুণীকে একটি পরিত্যক্ত কালভার্টের কাছে নিয়ে যায়। তরুণী প্রতিরোধের আপ্রাণ চেষ্টা করেন, সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে পাথর দিয়ে ওই তরুণীর মাথায় আঘাত করে গোলু ও তার সঙ্গী। তার পর তরুণীর হাত-পা বেঁধে ধর্ষণ করে তারা।
এক পর্যায়ে তাদের সঙ্গে আরো দুজন যোগ দেয়। এর পর চারজন মিলে রাত ১০টা পর্যন্ত তরুণীকে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় তরুণীর ফোন, ঘড়ি এবং গয়না ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে গোলু ও ঘণ্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
ইত্তেফাক/ইউবি
