যমুনার তীর সংরক্ষণ বাঁধে ব্যাপক ধস

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৭:০৮
 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনার তীর সংরক্ষণ বাঁধে গত দুদিন ধরে ব্যাপক ধস শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।  
 
জানা যায়, উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া নতুন বাজার ও গুদিবাড়ি এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে গত দুদিন ধরে ধস শুরু হয়েছে। গুদিবাড়ি এলাকায় ৩শ মিটার ও ভাটপাড়া নতুন বাজার এলাকায় ২শ মিটার এলাকা ধসে গেছে। ধস অব্যাহত থাকলে  ওই এলাকার ২ শতাধিক বাড়িঘর, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, ২টি মাদ্রাসা-মকতব, ৩টি মসজিদ, ১শ তাঁত ফ্যাক্টরি, মাজার ও ৫শ বিঘা ফসলি জমি যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে যেতে পারে। ফলে এলাকাবাসী চরম আতংকে রয়েছে। 
 
কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ইউএনও, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, কৈটোলা ফ্রেমিদ প্রজেক্টের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু তারা এখনও কোন ব্যবস্থা না নেওয়ায় ধস অব্যাহত আছে। 
 
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
এ ব্যাপারে কৈটোলা ফ্রেমিদ প্রজেক্টের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১০ সালে বাঁধটি নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু ৭বছর পেরিয়ে গেলেও এর কোন পুনর্নির্মাণ কাজ হয়নি। ফলে বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন। কিন্তু ফান্ডের অভাবে তা সম্ভব হচ্ছেনা।
 
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বাঁধটি ফ্রেমিদ প্রজেক্টের আওতায় নির্মিত। তাই এ ধস রোধে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছি না। অর্থ বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে। পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি