৪ নেতার ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলা: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৯:৫৬
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে। আমাদের জাতীয় জীবনে এ দিনটি একটি কলঙ্কিত দিন। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলা। এর মাধ্যমে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনকারী দেশটিকে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির আবর্তে নিক্ষেপ করা। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফলকাম হতে পারেনি, বাঙ্গালি জাতি তা ব্যর্থ করে দিয়েছে। 
 
মন্ত্রী শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুরে এক মহিলা সমাবেশে এসব কথা বলেন। 
 
সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বারপাড়া ইউপি চেয়ারম্যান মো. আবদুস সেলিম ও আওয়ামী লীগ নেতা হাজী আবদুর রহিম প্রমুখ। সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি