দালালসহ ৪৮জন রোহিঙ্গা আটক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২০:৩৩
 
ঢাকা কেন্দ্রিক দালাল চক্রের ২ সদস্যসহ ৪৮জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে দালালচক্রের মাধ্যমে তারা কক্সবাজার রওয়ানা হচ্ছিল। 
 
উখিয়া থানার এসআই শম্বু নাথ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের নির্দেশে রোহিঙ্গাদের আটক করা হয়। 
 
তবে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, এসব রোহিঙ্গারা নতুন এসেছে। ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলে তাদের রুমখাঁ নুরানী মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছিল। থানায় আটক দালাল চক্রের সদস্য সুত্রাপুর থানার পুরান ঢাকা ৭৯নং ওয়ার্ডের মোহাম্মদ সেন্টুর ছেলে মোহাম্মদ হোসেন গোল্ডেন এন্টারপ্রাইজের একজন চাকুরীজীবি দাবি করে জানান, তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য আসেন। এসময় রুহুল্লারঢেবা গ্রামের ফরিদ আহমদের ছেলে মাদ্রাসা সুপার ইকবাল হোসেন বলেন, রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণকালে শতশত গ্রামবাসী ত্রাণের জন্য ভিড় করতে শুরু করলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ২জনসহ ৪৮জন রোহিঙ্গাকে আটক করে। 
 
থানায় আটক রোহিঙ্গা আবুল হাশিম ও মৌলভী আবুল শামা জানান, ত্রাণ দেওয়ার কথা বলে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল জানতে চাওয়া হলে তারা কোন সঠিক ঠিকানা বলতে পারেনি।
 
ইত্তেফাক/আরকেজি