উন্নয়নের পাশাপাশি জনজীবনের সংকটেরও সমাধান করতে হবে: মেনন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২১:২৭
 
বেসাময়িক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শুধু উন্নয়ন করলেই হবে না। উন্নয়নের পাশাপাশি জনজীবনের সংকটেরও সমাধান করতে হবে। সম্প্রতি দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতিতে মানুষ এক অস্থিরতার মধ্যে রয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা এসব ইস্যু কাজে লাগাতে পারে। যা দেশ ও জনগণের জন্য সবচেয়ে ভয়াবহ হবে। 
 
মন্ত্রী শুক্রবার বিকেলে নগরীর খালিশপুর পিপলস চত্বরে শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রমিক নেতা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড হাফিজুর রহমান স্মরণে জেলা ওয়ার্কার্স পার্টি এ জনসভার আয়োজন করে।
 
খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মিনা মিজানুর রহমানের পরিচালনায় জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। 
 
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু। বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মোজাম্মেল হক, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা মনির হোসেন, দেলোয়ার উদ্দিন দিলু, প্লাটিনাম জুট মিলের সাবেক সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি