মেহেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর আত্মসমর্পণ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ০১:০৩
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে চাঞ্চল্যকর জোড়া খুন মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী সাহেব আলী আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টি এম মুসার কাছে আত্মসমর্পণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ টি এম মুসা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাহেব আলীসহ মামলায় আরো ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তারা হলো- মেহেরপুর  সদর উপজেলার টেংগার মাঠ গ্রামের জুলমত ডাকাতের ছেলে বাশারুল ও মহিদুল, গাংনী উপজেলার দীঘলকান্দী গ্রামের রিফাত আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল কানা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিতলাইপাড়ার আমজাদ মোল্লার ছেলে এনামুল ওরফে ইনু, একই গ্রামের গোলজার শেখের ছেলে মান্নান, গাংনীর সাহেবনগর গ্রামের ফকির আলীর ছেলে মোঃ নাজির, গাংনীর রামনগর কাজীপুরপাড়ার কালা চানের ছেলে মোহন ও আব্দুল লতিফের ছেলে অজিত।
 
উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ অক্টোবর দিবাগত রাতে ডাকাতরা মোটরসাইকেল লুট করে নেওয়ার সময় ডাকাতদের চিনে ফেলায় সদর উপজেলার গোপালপুর গ্রামের লোকমান হোসেন ও হালিমা খাতুন নামের দুই জনকে গলাকেটে হত্যা শেষে গ্রামের একটি পুকুর পাড়ে লাশ রেখে পালিয়ে যায় ডাকাতরা। পরদিন সকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। ওই দিনই বিকালে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
 
ইত্তেফাক/রেজা