ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২১:২৯
 
রাজশাহীর একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডে প্রধানমন্ত্রীর স্লোগান (উক্তি) ও ছবি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিলবোর্ডটি নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় সিটি বাইপাস সড়কের পাশে টাংগানো রয়েছে। 
 
মমতা নার্সিং ইনস্টিটিউট নামে ওই প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ডের শিরোনাম ‘ভর্তি চলছে, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ এছাড়াও বিলবোর্ডের উপরে বাম পাশে লেখা হয়েছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অনুমোদিত। আর ডান পাশের উপরে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তার স্লোগান ব্যবহার করা হয়েছে।
 
মমতা নার্সিং ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান জানান, ‘স্বাস্থ্য, শিক্ষা, হিউমিনিটি, উন্নয়নের চাবিকাঠি’ প্রধানমন্ত্রীর এই স্লোগানের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মিল রয়েছে। এ কারণে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার স্লোগান ব্যবহার করেছেন। স্থানীয় একজন শ্রমিক লীগ নেতার সঙ্গে পরামর্শ করেই তা ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান।
 
শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তির বিলবোর্ড, ব্যানার বা পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি ব্যাবহারে তাকে অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের জানাবেন বলে জানান তিনি। 
 
জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
 
ইত্তেফাক/আরকেজি